জোট বাঁধলেন বেনেট-লাপিদ

আগামী অক্টোবর মাসে ইসরায়েলে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধীরা। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। গত রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে সাবেক দুই প্রধানমন্ত্রী তাদের দল ‘বেনেট ২০২৬’ এবং ‘ইয়েশ আতিদ’ একীভূত করার ঘোষণা দেন। বেনেত জানিয়েছেন, নতুন এই দলের নাম হবে ‘টুগেদার’ এবং তিনিই এর নেতৃত্ব দেবেন। তিনি বলেন, ৩০ বছর পর ইসরায়েলের জন্য নতুন একটি অধ্যায় খোলার সময় হয়েছে। লাপিদ বলেন, ‘আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য একজোট হয়েছি। ইসরায়েল রাষ্ট্রের এখন দিক পরিবর্তনের প্রয়োজন।’ বেনেত ডানপন্থি আর লাপিদ মধ্যপন্থি। বিশ্লেষকদের অনেকে হাঙ্গেরিতে ভিক্টর অরবানকে হটানো ডান-মধ্যপন্থি জোটের সঙ্গে এই উদ্যোগের তুলনা করছেন।

তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আইজেনকোট আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা না জানালেও নতুন এই জোটকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘সামনের কঠিন নির্বাচনে জয়লাভের লক্ষ্যটি আমাদের সবার অভিন্ন।’ সোমবার আইজেনকোট বেনেতকে ভবিষ্যতের কার্যক্রম সমন্বয়ের অনুরোধ জানিয়েছেন। জরিপ অনুযায়ী, এই তিন দল একজোট হলে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সবচেয়ে বড় গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করবে। মারিভ পত্রিকার সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বেনেতের দল ও নেতানিয়াহুর লিকুদ পার্টি সমান ২৪টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইয়েশ আতিদ সাতটি ও ইয়াশার ১২টি আসন পেতে পারে।

সাবেক দুই প্রধানমন্ত্রীর জোট গঠনের ঘোষণায় বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ল। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নেতানিয়াহু। ২০২২ সালের নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠন করেন তিনি। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ যুদ্ধ চালিয়েছেন নেতানিয়াহু; লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এবং দুই দফায় ইরান যুদ্ধে ইসরায়েলকে জড়িয়েছেন তিনি। তেল আবিবের বিভিন্ন জনমত জরিপ বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর তথাকথিত নিরাপত্তা রক্ষার ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে।

এদিকে, দুর্নীতি মামলা ইস্যুতে বড় ধাক্কা খেয়েছেন নেতানিয়াহু। আদালতে চলমান দুর্নীতি মামলা থেকে শিগগিরই মুক্তি মিলছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগের সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া গেছে।