গাজীপুরের কালীগঞ্জে আমির হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। পৌরসভার দেওপাড়ায় সেভেন রিংস সিমেন্ট কারখানার গেটের সামনে সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে হামলার এই ঘটনা ঘটে।
আহত আমির হোসেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৯নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
স্থানীয়দের বরাতে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, চৈতরপাড়া এলাকার বাসিন্দা সজিব মিয়া মোটরসাইকেলে দেওপাড়ার ছয় নম্বর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় আমির হোসেন পথরোধ করে। তখন দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনার জেরে কিছুক্ষণ পরেই সজিব তার বাবা ও চাচাতো ভাইকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যান। আশপাশের লোকজন আহত আমিরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। হামলার পর থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পর্যন্ত আহত ব্যক্তি ও পরিবার পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকাসক্ত ও কারবারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।