চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে জনসেবা করতে চাওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে এক চীন প্রবাসীর জন্য। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাতের আঁধারে তার সখের ডুপ্লেক্স বাড়িতে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে। এমনকি তাকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার পরিকল্পনায় এ ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, ডুপ্লেক্স বাড়ির ভেতরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে প্রবাসীর প্রয়োজনীয় কাগজপত্রসহ বিদেশ থেকে আনা শখের আসবাবপত্র। এমন অমানবিক ঘটনা দেখতে ভিড় করছেন স্থানীয়রা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সিংঝার গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ডা. রোকনুজ্জামান কিরন দীর্ঘ ২৫ বছর চীনে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। গ্রামে ফিরে ১৬ বিঘা জমির ওপর নির্মাণ করেন তার স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি। গত ২৬ এপ্রিল রাতে তিনি রংপুরে অবস্থান করছিলেন। পরদিন সকালে খবর পান, তার বাড়ির দরজা ভেঙে ভেতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান-ঘরের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, ১৩ লাখ টাকা নগদ, পাসপোর্ট, চীনের ব্যাংকের ক্রেডিট কার্ডসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কেয়ারটেকারসহ কেউ বাড়িতে না থাকার সুযোগে ২৭ এপ্রিল ভোর রাতে ঘরের দরজা ভেঙে আগুন দেয়া হয়। সকালে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী তা নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরন বলেন, গত ২৭ এপ্রিল রাতে পরিবারসহ এই বাড়িতে থাকার কথা ছিল। পরিকল্পিতভাবে আমাদের শেষ করে দিতে এই ঘটনা ঘটানো হয়েছে। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটে প্রায় আমার ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।