নিট মুনাফা করতে না পারলেও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন তাদের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে। কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, ব্যাংকের কোনো বিশেষ অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ চাইলে কর্মীদের সর্বোচ্চ এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দিতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নিট মুনাফা থাকার শর্ত শিথিল করা হয়েছে। তবে ব্যাংককে অবশ্যই পরিচালন মুনাফা অর্জন করতে হবে। পূর্ববর্তী বছরের তুলনায় ব্যাংকের মূলধন কমলেও উৎসাহ বোনাস দেয়া যাবে না।
এর আগে, ২০২৫ সালের জারি করা এক আদেশে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, নিট মুনাফা করতে না পারলে উৎসাহ বোনাস দিতে পারবে না কোনো বাণিজ্যিক ব্যাংক। তবে নতুন আদেশে এ শর্ত তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।