রায়গঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা গ্রামের বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম হোসেন (২৫) ওই উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার জানায়, জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাত্র এক সপ্তাহ আগে একটি অটোভ্যান কিনেছিলেন নাঈম। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে উপজেলার খৈচালা বিল এলাকায় একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।