দক্ষিণ লেবাননে হামলায় নিহত তিন উদ্ধারকর্মী

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দক্ষিণ লেবাননে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায়  ইসরায়েলের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' অভিযোগ তুলেছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষায় থাকা আন্তর্জাতিক আইন ইসরাইল ধারাবাহিকভাবে লঙ্ঘন করছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণাঞ্চলের মাজদাল জাউন শহরের একটি ভবনে পরপর দুই দফা ইসরাইলি হামলায় মোট পাঁচজন নিহত হন। তাদের মধ্যে তিনজন ছিলেন সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী, যারা প্রথম হামলার পর আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, 'মানবিক দায়িত্ব পালনরত সিভিল ডিফেন্স সদস্যদের লক্ষ্য করে হত্যা করা ইসরাইলের নতুন এক জঘন্য যুদ্ধাপরাধ।' তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, এই ঘটনার নিন্দা জানাতে এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক মহলে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে।লেবাননের সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, দ্বিতীয় হামলার পর তিন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এবং পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দ্বিতীয় হামলায় তাদের দুই সেনাও আহত হয়েছেন। হামলার সময় সেনা টহলদলটি উদ্ধারকর্মীদের সহায়তা করছিল এবং সেখানে দুটি বুলডোজারও ছিল।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের এর মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রায় প্রতিদিনই ইসরাইলি বিমান হামলা চলছে। এর জবাবে হিজবুল্লাহও রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।