আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক দুটি বড় বিতর্কের প্রেক্ষাপটে ২০২৬ বিশ্বকাপের আগে খেলোয়াড়দের লাল কার্ড দেখানোর নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার ফিফা এবং ফুটবল আইনের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষের সাথে তর্কে জড়ানোর সময় হাত বা জার্সি দিয়ে মুখ চেপে ধরেন, তবে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন।
এই পরিবর্তনের মূল কারণ রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানির মধ্যকার একটি ঘটনা। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ভিনিসিয়ুস। অভিযোগ ছিল, প্রেস্তিয়ানি তার জার্সি দিয়ে মুখ ঢেকে গালিগালাজ করেছিলেন যাতে লিপ-রিডিং বা ক্যামেরায় তার কথা ধরা না পড়ে। পরবর্তীতে উয়েফা প্রেস্তিয়ানিকে সমকামী বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।
প্রতিবাদে মাঠ ছাড়লে বহিষ্কার
নতুন নিয়মে আরও বলা হয়েছে, রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় বা দল যদি মাঠ ছেড়ে বেরিয়ে যায়, তবে সংশ্লিষ্ট খেলোয়াড়দের লাল কার্ড দেখানো হবে। এমনকি দলের কর্মকর্তারা যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে প্ররোচিত করেন, তবে তারাও শাস্তির আওতায় আসবেন।
এই নিয়মটি আনা হয়েছে গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালের ঘটনার পর। মরক্কোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের পুরো দল মাঠ ছেড়ে চলে গিয়েছিল, যার ফলে খেলা প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে। যদিও সেনেগাল পরবর্তীতে শিরোপা জিতেছিল, কিন্তু আপিল প্যানেল তাদের সেই শিরোপা কেড়ে নেয়।