ময়মনসিংহে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তর এর সপ্তম বর্ষপূর্তির আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের সঙ্গে কেক কাটার মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় অবস্থিত প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা-এর কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা এবং পরে কেক কাটার আয়োজন করা হয়, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল আয়োজনটির বিশেষ আকর্ষণ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহম্মেদ, সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল, নির্বাহী পরিচালক শেফালী আক্তার এবং পরিচালক (হিসাব) অনিমেষ তজু।
এ সময় প্রতিবন্ধী সংস্থার সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতে আরও গণমুখী হয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির ময়মনসিংহ প্রতিনিধি মঈন উদ্দিন রায়হান। প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে নিয়ে কেক কাটার এই উদ্যোগটি আয়োজনটিকে দিয়েছে ভিন্নমাত্রা, যা উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।