এআই ব্যবহারে নীতিমালা প্রণয়নের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লিগ প্রধানের

সম্প্রতি মরক্কোর ফেজে আয়োজিত ‘এআই যুগে মানব সভ্যতার ভবিষ্যৎ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. মোহাম্মদ আল-ইসা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন। 

৭৫টি দেশের বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের উপস্থিতিতে মূল বক্তা হিসেবে তিনি এআই-এর মাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য সামাজিক বিদ্বেষ ও বিভেদ রুখতে বৈশ্বিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

ইউরো-মেডিটেরিনিয়ান ইউনিভার্সিটি অব ফেজ আয়োজিত এই বিশাল সম্মেলনে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা এবং প্রায় দুই হাজার অতিথি অংশ নেন। সম্মেলনে আল-ইসা তার বক্তব্যে প্রযুক্তির ক্রমবিকাশ বর্ণনা করে বলেন, ষোড়শ শতাব্দী থেকে শুরু হওয়া বৈজ্ঞানিক বিপ্লব আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে মেশিন এখন কেবল তথ্য সংরক্ষণকারী নয়, বরং চিন্তা বিশ্লেষণেও সক্ষম।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, আধুনিক এই বৈজ্ঞানিক ধারার ভিত্তি কয়েক শতাব্দী আগে মুসলিম পণ্ডিতরাই স্থাপন করে গেছেন।

ড. আল-ইসা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তন এমনভাবে হওয়া উচিত, যাতে তা মানবীয় মূল্যবোধের পরিপন্থী না হয়। বিশেষ করে ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মতো স্পর্শকাতর বিষয়ে এআই-এর ভুল ব্যবহার বিশ্ব জুড়ে সংঘাত উসকে দিতে পারে। 

তিনি আরও বলেন, যেহেতু এআই ব্যবস্থার নিজস্ব কোনো স্বাধীন চেতনা নেই এবং এটি পুরোপুরি ইনপুট করা তথ্যের ওপর নির্ভরশীল, তাই প্রযুক্তির উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মানুষের চূড়ান্ত কর্তৃত্ব বজায় রাখার ওপরও তিনি জোর দেন।

সবশেষে তিনি বলেন, প্রযুক্তি মূলত মানুষের দেওয়া ইনপুট ও মূল্যবোধের প্রতিফলন মাত্র। তাই মানবতার সেবায় একে নিয়োজিত করতে হলে নৈতিক মানদণ্ড আগে নির্ধারণ করা জরুরি।