এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাছাই শনিবার

হাইকোর্টের আদেশের পর অবশেষে নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করলেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২ মে (শনিবার) তা বাছাই করবেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ সংক্রান্ত চিঠি নুসরাতকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে জনাবা মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন উপলক্ষে নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ মে।

মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।