ডাচ্-বাংলা ব্যাংকের দ্বিগুণ মুনাফা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ৯৬৫ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ৪৭৩ কোটি টাকা। বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। বড় এই মুনাফায় ভর করে আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ (২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) ঘোষণা করেছে ব্যাংকটি। আগের বছরে ২০ শতাংশ (১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক) লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। একই সভায় ব্যাংকটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।