পটুয়াখালীর দুমকি উপজেলায় কালবৈশাখী ঝড় ও টানা ভারি বৃষ্টিতে মুগ ডালসহ বিভিন্ন রবি ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে শতাধিক কৃষক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানায়, গত ২৮ এপ্রিল দুমকির ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া। পরবর্তী টানা দুইদিন বৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার শ্রীরামপুর, আঙ্গারিয়া, মুরাদিয়া, লেবু খালী ও পাঙ্গাশিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার নিচু জমিগুলোতে পানি জমে গেছে। এতে মুগ ডালের ক্ষেত ডুবে যায়। পাশাপাশি মরিচ, আলু, চিনাবাদাম ও অন্যান্য রবি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। অনেক ক্ষেতেই গাছ নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় ফলন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
উত্তর শ্রীরামপুর গ্রামের কৃষক গোলাম মস্তফা, আমির হোসেন মৃধা ও সোহরাব মৃধা জানান, মৌসুমের শুরুতে ভালো ফলনের আশায় মুগ ডালের আবাদ করেছিলেন। কেউ কেউ কিছু ফসল ঘরে তুলতে পারলেও বেশিরভাগ কৃষক এখনও ফসল তুলতে পারেননি। এমন অবস্থায় আকস্মিক দুর্যোগে সেই আশা ভেস্তে যেতে বসেছে। দ্রুত পানি না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমির পর জমি পানির নিচে তলিয়ে আছে। কৃষকরা নালা কেটে পানি নামানোর চেষ্টা করছেন। তবে স্লুইস গেট খোলা থাকায় বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি উঠছে, ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, ক্ষতিগ্রস্থ এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।