ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশ থেকে শিশুটি র মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
শিশু আইরিন আক্তার উপজেলা সদরের গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে বুকাইল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। সে পাঁচ বোনের মধ্যে সবার ছোট।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত আটটার দিকে আইরিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তীতে আইরিনের বাবা বাকা মিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার সকালে গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশ থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে রেললাইনের পাশে একটি কলাবাগানের ভিতরে শিশুর মরদেহ দেখতে পেয়ে কোতয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।