আজ মুক্তি পাচ্ছে ভিন্ন ধারার এক সংগ্রামী নারীর গল্পের সিনেমা ‘আতরবিবিলেন’। টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির অফিশিয়াল ট্রেলার, গান এবং পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সংবাদকর্মীরা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। ফারজানা সুমি ছাড়াও সিনেমাটিতে আরও কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল ও সীমান্তসহ অনেকে।
সিনেমাটি নিয়ে নির্মাতা মিজানুর রহমান লাবু জানান, দীর্ঘ প্রস্তুতি ও যতেœর মাধ্যমে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা ছবিটি দেখে সন্তুষ্ট হবেন এবং প্রেক্ষাগৃহে এসে উপভোগ করবেন। অন্যদিকে, ফারজানা সুমি বলেন, ‘আতরবিবি’ চরিত্রটি তার জন্য ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। গত বছরের রোজার মাসে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শেষ করা হয় বলেও জানান তিনি।
‘আতরবিবিলেন’-এর গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। স্বাভাবিক ও সুন্দর জীবনের স্বপ্ন দেখা সত্ত্বেও বাস্তবতার কঠিন চাপে বারবার প্রতারিত হতে হয় আতরবিবিকে। সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে তার লড়াই এবং প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলার গল্পই এই সিনেমার মূল উপজীব্য।