ফের উপস্থাপনায় তানজিকা

ক্যারিয়ারের বয়স দুই দশক পার করলেও নানা কারণে আলোচনার বাইরে ছিলেন দীর্ঘদিন। মাঝে কয়েক বছরের বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে ওয়েব দুনিয়ায় পা রাখার পর লাইমলাইটে চলে আসেন তানজিকা আমিন। বিশেষ করে গত বছর থেকে হঠাৎ করেই তার ব্যস্ততা বেড়ে যায়। নাটক, ওটিটি এবং সিনেমা তিন মাধ্যমেই সরব এখন তানজিকা আমিন। পাশাপাশি উপস্থাপনাতেও তাকে দেখা যায় মাঝেমধ্যে। সেই ধারাবাহিকতায় অনেক দিন পর উপস্থাপনায় ফিরলেন তিনি। তবে এবারই প্রথম রান্নাবিষয়ক একটি অনুষ্ঠান সঞ্চালনায় দেখা যাবে তাকে। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন মৌসুমে অংশগ্রহণ করা শীর্ষ রন্ধনশিল্পীরা ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’র রেসিপি দেবেন। প্রতি পর্বে থাকবে দুটি করে রেসিপি। ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আজ থেকে সপ্তাহের প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

আবারও উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের ভাবনা যদি পছন্দ হয়। ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’র আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই আবারও উপস্থাপনায় ফিরলাম। এর সেটে লোকজ আবহ মুগ্ধ হওয়ার মতো। সব মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকদের কাছে উপভোগ্য হবে আশা করি।’

এদিকে কয়েক দিন ধরে একটি অনুষ্ঠানে নিজের প্রথম প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করায় আলোচনার ধারা অব্যাহত রাখছেন তানজিকা আমিন। তিনি বলেন, জীবনে প্রেমের সংখ্যা হাতেগোনা। তবে প্রতিটি সম্পর্কের গভীরতা ছিল অনেক। বলেন, ‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি। প্রতিটি প্রেমের ব্যাপ্তিকাল ছিল দীর্ঘ।’ অভিনেত্রী জানান, তার প্রথম প্রেম শুরু হয়েছিল রাজশাহীতে, যখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। ‘অমিত’ নামের সেই তরুণের সঙ্গে টানা চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সেই দিনগুলোর কথা মনে করে অভিনেত্রী জানান, ল্যান্ডফোনের সেই যুগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর লম্বা-চওড়া চিঠি লিখেই চলত তাদের প্রেম।

তানজিকার ভাষ্যমতে, ‘জীবনে আমার কোনো বড় আফসোস নেই এবং প্রতিটি অভিজ্ঞতাকেই আমি শেখার অংশ হিসেবে দেখি। জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না, তবে সময়ের সঙ্গে সবকিছুই নিজের জায়গায় সুন্দর হয়ে ওঠে। হতাশাকে আমি জীবনের সবচেয়ে ক্ষতিকর বিষয় হিসেবে উল্লেখ করি। সব মিলিয়ে আমার মনে হয় জীবনের প্রতিটি সম্পর্ক ও অধ্যায়ই সময়ের সঙ্গে মিলিয়ে যায় এবং শেষ পর্যন্ত মানুষ নিজের জায়গায় শান্তি খুঁজে পায়।

প্রসঙ্গত, তানজিকা আমিন ২০১১ সালে স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন, তবে ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৮ সালে তিনি সাইফ বাসুনিয়ার সঙ্গে পরিচিত হন এবং ২০২৪ সালে তারা বিয়ে করেন। বর্তমানে তিনি দাম্পত্য জীবনে ভালো আছেন বলে জানান।