২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রায় ২৮৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। গতকাল বৃহস্পতিবার নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এবারের তালিকায় স্থান পেয়েছে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠানের নাম। কমিটির সেক্রেটারি সরাসরি নিশ্চিত না করলেও ধারণা করা হচ্ছে- এই তালিকায় নাম আছে ডোনাল্ড ট্রাম্পের। নোবেল শান্তি পুরস্কারের জন্য কারা মনোনীত হয়েছেন, সাধারণত সেই তালিকা পরবর্তী ৫০ বছর পর্যন্ত কঠোরভাবে গোপন রাখা হয়।
২০২৫ সালের জানুয়ারি থেকে এই পদে থাকা হার্পভিকেন বলেন, বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকা সত্ত্বেও পুরস্কারটি প্রাসঙ্গিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। আগের যেকোনো সময়ের চেয়ে এখন ভালো কাজ হচ্ছে, এমনকি তার চেয়েও বেশি’। ২০২৫ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মারিয়া অবশ্য ট্রাম্পকেই নোবেল উৎসর্গ করেছেন এবং ট্রাম্পের হাতে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্বের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার সেই আশা পূরণ হয়নি।