প্রাতিষ্ঠানিক সংস্কার আজ পরীক্ষার সম্মুখীন: মাহফুজ আলম

সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং বিবিধ প্রাতিষ্ঠানিক সংস্কার আজ পরীক্ষার সন্মুখীন বলে মন্তব্য করেছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, আমরা বলতাম, এবারে সম্ভাব্য সরকারি দলের সুবর্ণ সুযোগ আছে বিরোধীপক্ষ বেছে নেয়ার। এস্টাবলিশমেন্ট বেছে নিল/দিল এমন একটি দলকে, যাদের ইতিহাস আর রাজনৈতিক দ্বিধাগ্রস্ত অবস্থান নিয়ে টান দিলে সত্যিকার সমস্যা ও সঙ্কটগুলোকে আড়াল করে ফেলা যায়। সংসদে গত কয়েক সপ্তাহ আমরা এ প্লেবুকের প্রথম অধ্যায় দেখলাম। সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং বিবিধ প্রাতিষ্ঠানিক সংস্কার আজ পরীক্ষার সন্মুখীন। কিন্তু, নাগরিক জীবনের বাস্তব সঙ্কট  কি দূর হবে এ ক্যারট এন্ড স্টিক পলিসি দিয়ে? 

নির্বাচিত সরকারকে সফল দেখতে চাই উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সুবাদে নির্বাচিত সরকারকে আমরা নাগরিকদের সেবা-সুবিধা ও অধিকার পূরণে সফল দেখতে চাই। কিন্তু, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নাগরিক অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন ছাড়া সেটা কি আদৌ সম্ভব?