লম্বা ছুটি পেতে যাচ্ছে দেশের কর্মজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিন কোরবানি ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।
এই লম্বা ছুটি কাটাতে হলে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২৪ ও ২৫ মে (রবি-সোমবার) ছুটি নিতে হবে। এর আগের দুদিন যথাক্রমে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাহলে দুদিন ছুটি নিতে পারলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। আর এই ছুটির দিনগুলো কাটাতে পারেন দেশের বাইরেও।
বিশ্বের এমন কিছু দেশ আছে যেসব দেশে ভ্রমণে যেতে লাগবে না আগাম ভিসা। আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে—বাহামা, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।