আসছে ‘পথের প্যাঁচাল’

নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। গল্পের নাম ‘পথের প্যাঁচাল’। চরকি ফ্ল্যাশ ফিকশন হিসেবে এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ই মে। এতে অভিনয় করেছেন- ইয়াশ রোহান, বহ্নি হাসান, মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রণব ঘোষ, সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। 
গত বুধবার সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশনটির পোস্টার। 

নির্মাতা জানান, বায়েজিদ একজন অটোরিকশাচালক, যার প্রতিদিনের জীবন রিকশার প্যাডেলে ঘুরে চলে। তার জীবনে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যান উমা। তিনি একজন নবীন উপন্যাসিক, নিজের প্রথম উপন্যাস প্রকাশের চেষ্টা করছে সে। এমন দুই ভিন্ন প্রেক্ষাপটের চরিত্রের মাধ্যমে এগিয়ে যাবে গল্প। ভিন্ন সামাজিক অবস্থানের এই দুই মানুষের মধ্যকার আন্তঃসম্পর্ক ও কথোপকথনই ‘পথের প্যাঁচালের মূল উপজীব্য।

ইয়াশ রোহান বলেন, এটা একটা ট্যালেন্টের গল্প। ট্যালেন্ট এমন একটা জিনিস, এটা কখন কোথায় কীভাবে থাকবে- তা কেউ জানে না। এই গল্পটাও তেমন, যেখানে কেউ আসলে ট্যালেন্টটা প্রত্যাশা করে না, সেখানেই এটা পাওয়া যায়।  

বহ্নি হাসান নিজের চরিত্র সম্পর্কে বলেন, উমা চরিত্রটি স্ট্রং পার্সোনালিটির একজন স্বাবলম্বী নারী। স্বাভাবিকভাবেই চরিত্রটির উল্টোদিকে অনেক মানুষকে দেখা যায়। একপর্যায়ে বায়েজিদও আসে।

অন্য সব চরিত্রগুলোর সঙ্গে স্ট্রাগল করলেও বায়েজিদ চরিত্রটি উমাকে অন্য একটা ভাবনায় নিয়ে যায়। একটা হিউম্যান কানেকশন তৈরি হয় বায়েজিদ-উমার মধ্যে। এটা ঠিক প্রেম না, আবার কোনোকিছুই তো প্রেমের বাইরেও না।