কুষ্টিয়া দৌলতপুরে ইসলামপুর গ্রামের পীর কালান্দার শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজশাহীর গোদাগাড়ী থানাধীন থানা রোডের নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব মিস্ত্রী (৩২) উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রীর ছেলে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী। এছাড়া তিনি মামলার ৩নম্বর আসামি।
র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, ১০ এপ্রিল পীর শামীমের একটি পুরোনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে সেখানে পবিত্র কুরআন ও ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয় পীরের বিরুদ্ধে। এর সূত্র ধরে ১১ এপ্রিল দুপুরে এজাহারনামীয় চার আসামিসহ অজ্ঞাতনামা ১৮০ আসামিরা দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত দরবারে হামলা চালিয়ে পীর কালান্দার শামীম জাহাঙ্গীরসহ সেখানে থাকা দুই অনুসারীকে মারধর করে এবং দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এসময় মব হামলার শিকার হয়ে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পীর কালান্দার শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ও র্যাব-৫ সদর কোম্পানি যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী থেকে আসামি রাজীবকে গ্রেপ্তার করে।
এবিষয়ে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন বলেন, রাজনৈতিক হীনস্বার্থে করা এ মামলায় গ্রেপ্তারের বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করবো।