সৌদি প্রো লিগের মান এবং রেফারিং নিয়ে প্রতিনিয়ত চলতে থাকা সমালোচনা এবার সীমা ছাড়িয়ে গেছে বলে মনে করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের এই মহাতারকা জানিয়েছেন, লিগ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা এসব সমালোচনার জবাব তিনি দেবেন চলতি মৌসুমের শেষেই।
বুধবার আল-আহলির বিপক্ষে ২-০ গোলে জয়ের পর নিজের ক্ষোভ ঝাড়েন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। উল্লেখ্য, এই জয়ে আল-নাসরের লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
আল-আহলির খেলোয়াড়রা অভিযোগ করেছিলেন যে, রেফারিরা আল-নাসরকে বিশেষ সুবিধা দিচ্ছে। এই প্রসঙ্গে রোনালদো বলেন: "সবাই সারাক্ষণ অভিযোগ করছে, যা লিগের জন্য একদমই ভালো নয়। এটা ফুটবল, কোনো যুদ্ধ নয়। জেতার জন্য সবাই লড়াই করবে এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে যা ইচ্ছা তাই করা (সমালোচনা) গ্রহণযোগ্য নয়।"
রোনালদো আরও যোগ করেন যে, অনেক খেলোয়াড় সোশ্যাল মিডিয়ায় (ইনস্টাগ্রাম, ফেসবুক) লিগ এবং রেফারিদের নিয়ে আজেবাজে মন্তব্য করছেন। তিনি মনে করেন, ইউরোপের সাথে পাল্লা দিয়ে বিশ্বের অন্যতম সেরা লিগ হওয়ার যে লক্ষ্য সৌদির রয়েছে, এই ধরনের আচরণ তার পথে বাধা।
কেন ম্যাচ বয়কট করেছিলেন? রহস্য উন্মোচন করবেন শীঘ্রই
চলতি বছরের শুরুতে রোনালদো দুটি ম্যাচ বয়কট করেছিলেন। গুঞ্জন রয়েছে, শীতকালীন দলবদলে আল-হিলাল যখন আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছিল, তখন প্রতিবাদস্বরূপ তিনি এই সিদ্ধান্ত নেন। রোনালদো জানান: "মাঠ এবং মাঠের বাইরে এটি একটি কঠিন মৌসুম। অন্য দলগুলোর শক্তি সম্পর্কে আমরা জানি। মৌসুম শেষে আমি সব বিষয়ে বিস্তারিত কথা বলার সুযোগ পাব।"
অবসর ও ক্যারিয়ারের শেষ লক্ষ্য
ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে সিআর সেভেন তার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি জানান, বর্তমান এবং আগামীর প্রজন্মের জন্য খেলা চালিয়ে যাওয়াই তার কাছে সম্মানের। ক্যারিয়ারের শেষ ঘনিয়ে আসছে স্বীকার করে তিনি বলেন, "আমি প্রতিটি দিন এবং প্রতিটি ম্যাচ উপভোগ করছি।" গোল করা তার নেশা হলেও, বর্তমানে আল-নাসরের হয়ে লিগ জেতাটাই তার প্রধান লক্ষ্য। আল-নাসর ২০১৯ সালের পর লিগ জিততে পারেনি।