আখাউড়া রেলওয়ে থানা সাইনবোর্ডে নৌকাযুক্ত মনোগ্রাম ব্যবহৃত

২০২৪ সালের ৫ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের মনোগ্রাম থেকে নৌকার ছবি বাদ দিয়ে নতুন মনোগ্রাম হিসেবে শাপলা ব্যবহারের সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তবর্তী সরকার। সিদ্ধান্ত অনুযায়ী নতুন মনোনগ্রাম ব্যবহার করছে পুলিশ। কিন্তু আখাউড়া রেলওয়ে থানায় দেখা গেছে ব্যতিক্রম। রেলওয়ে থানার সাইনবোর্ডে এখনও পুরাতন মনোগ্রাম নৌকা ব্যবহৃত হচ্ছে।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, আখাউড়া রেলওয়ে থানায় সাইনবোর্ডে এখনও নৌকা সম্বলিত পুরাতন মনোগ্রাম রয়েছে। একই চিত্র দেখা গেছে থানার পাশেই অবস্থিত সহকারী রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডেও। এছাড়া আখাউড়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের ‘পুলিশ তথ্য কেন্দ্র’ ডেস্কে টানানো ডিজিটাল প্রিন্টের ব্যানারেও দেখা গেছে নৌকার ছবিসহ পুরনো মনোগ্রাম।

ছবি: প্রতিনিধি

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, রেলওয়ে পুলিশের জন্য কি আলাদা নিয়ম। তা না হলে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এমন অনীহা কেন?

তবে আখাউড়া থানার ফেসবুক পেইজ ঘুরে দেখা গেছে নৌকা ছাড়া নতুন মনোগ্রাম রয়েছে।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিউল ইসলাম জানান, বাজেট না থাকায় পুরাতন সাইনবোর্ড পরিবর্তন করা সম্ভব হয়নি। তাই আগের মনোগ্রামই রয়ে গেছে।