শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নেই

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় গঠিত সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) রাজধানীতে র‍্যালি ও সমাবেশ করেছে। 

শুক্রবার (১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন আধূনিক-এর সভাপতি প্রফেসর ডা. হাসিনা বানু, বাসাজ সভাপতি রুফায়দাহ পন্নী, সিনিয়র সহ-সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা এবং সন্ত্রাসবিরোধী জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাহবুব আলম মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান বক্তা রুফায়দাহ পন্নী শ্রমিক অধিকার আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যুগে যুগে শ্রমিকরা নির্যাতিত ও বঞ্চিত হয়ে এসেছে। একটি সুবিধাভোগী শ্রেণি শ্রমিকদের ঘাম ও শ্রমের ওপর নিজেদের আধিপত্য বজায় রেখেছে এবং তারা কখনোই শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা চায় না।

তিনি আরও বলেন, শ্রমিকদের মুক্তি অর্জনের জন্য তাদের নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হতে হবে এবং একটি সুস্পষ্ট আদর্শ ও সঠিক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা বলেন, সাংবাদিকরাও মূলত শ্রমিক, তবে তারা নানা ধরনের বঞ্চনার শিকার। চাকরির নিরাপত্তাহীনতা, পেনশনের অভাব, অনিয়মিত ইনক্রিমেন্ট এবং দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

তিনি আরও বলেন, ঘোষণার পরও ওয়েজ বোর্ডের সুবিধা সীমিত সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকায় বৈষম্য সৃষ্টি হয়েছে, যা দ্রুত নিরসন করা প্রয়োজন।

সমাবেশে অন্যান্য বক্তারা আধুনিক শোষণ ব্যবস্থার সমালোচনা করেন এবং শ্রমিক নির্যাতন বন্ধ, নারী-পুরুষের সমমজুরি নিশ্চিতসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সুধীজনরা অংশ নেন। তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।