আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংগীত, আবৃত্তি, নাট্যাংশ ও মূকাভিনয়সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট শুক্রবার(১মে) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘ঘামে লেখা ইতিহাস’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে আলোচনা সভার পাশাপাশি সংগীত, আবৃত্তি ও নাট্যাংশ, মূকাভিনয় গণসংগীতের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনীতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সনৎ কৃষ্ণ ঢালী। এসময় তিনি বলেন, মে দিবস আমাদের কাছে শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও সংগ্রামের প্রতীক। যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সমাজ ও অর্থনীতি এগিয়ে চলছে, সেই মানুষগুলোর অবদান আমরা অনেক সময় যথাযথভাবে স্বীকার করি না।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সচেতনতা তৈরি, প্রশ্ন তোলা এবং সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের এই আয়োজনে নাটক, গণসংগীত, আবৃত্তির,নাচের মাধ্যমে শ্রমিকদের জীবন, সংগ্রাম ও স্বপ্নকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে শ্রমের মর্যাদা ও মানবিক মূল্যবোধ পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রিফাইয়া রাজ্জাক বলেন, আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের কষ্ট নিপীড়নের কথা তুলে ধরার চেষ্টা করেছি। সকলের সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি।