ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেটকে 'ফুটবল' হতে দেবে না: ক্লাসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো হেইনরিখ ক্লাসেন মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটকে এখন প্রায় আলাদা একটি খেলা হিসেবে দেখা উচিত। তার মতে, পেশাদার ফুটবলাররা যেভাবে ক্লাব ফুটবলের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গড়ে তোলেন, ক্রিকেটাররাও এখন সেই পথেই হাঁটছেন।

ক্লাসেনের মতে, ফুটবলারদের মতো ক্রিকেটাররাও এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে প্রাধান্য দিতে শুরু করেছেন। তবে ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ক্রিকেট ‘রক্ষণশীলরা’ এখনই আন্তর্জাতিক ক্রিকেট কমিয়ে লিগ ক্রিকেটকে বছরের বড় সময় জুড়ে জায়গা দিতে রাজি নন। তিনি বলেন:

"আমার মনে হয় ক্রিকেট এখন ফুটবলের পথে যেতে চায়। কিন্তু ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রেমীরা কখনোই সেটা হতে দেবে না। তারা চাইবে টেস্ট ক্রিকেট টিকে থাকুক। বিসিসিআই বা আইসিসির মতো শক্তিশালী সংস্থা থাকতে আন্তর্জাতিক ক্রিকেট বছরে মাত্র দুই মাসে নামিয়ে আনা সম্ভব হবে না।"

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে কেন খেলোয়াড়রা লিগ ক্রিকেটের দিকে ঝুঁকছেন, তার ব্যাখ্যায় ক্লাসেন বলেন, অনেক সময় জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে অথবা আন্তর্জাতিক ক্রিকেটে পারিশ্রমিক লিগের তুলনায় অনেক কম থাকে। তিনি বলেন, "এটি একটি ব্যবসা এবং একজন খেলোয়াড় হিসেবে আপনাকে আপনার পরিবার ও জীবনের কথা ভাবতে হয়। আমাদের খেলার সময়টাও খুব সীমিত।"

ক্লাসেন মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটই হবে ভবিষ্যতের প্রধান ফরম্যাট এবং এটিই ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করবে। এমনকি কোচদের মানসিকতাও এখন বদলে গেছে বলে তিনি দাবি করেন:

"বিশ্বের সফল কোচরা জানেন যে ছয় বছর আগের তুলনায় এখনকার খেলোয়াড়দের মানসিকতা আলাদা। এখন আর শুধু গায়ের জোরে মারার যুগ নেই, এর পেছনে ক্রিকেটীয় মস্তিষ্কও কাজ করে। বর্তমান কোচরা পুরনো দিনের অভিজ্ঞতার সাথে আধুনিক গেমপ্ল্যানের এক চমৎকার ভারসাম্য বজায় রাখছেন।"

হেইনরিখ ক্লাসেন মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবেই এখন টেস্ট বা ওয়ানডে ক্রিকেটেও আগ্রাসী ব্যাটিং দেখা যাচ্ছে, যা খেলার স্বাভাবিক বিবর্তনেরই অংশ।