গণমিছিল

গাইবান্ধায় গণ ভোটের রায় বাস্তবায়নের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিধি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম সরকার। শনিবার (২ মে) বিকেল সাড়ে চার দিকে পৌর পার্কের শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যজোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে জোটের সহস্রাধিক নেতাকর্মীসহ নানা শ্রেনি-পেশার মানুষ অংশ নেন।

জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা আবু তালেব মাস্টার, সাবেক ছাত্রশিবির সভাপতি ফেরদাউস ও ওবায়দুল ইসলাম, জেলা শিবির সভাপতি ইউসুফ আল কারযাভি, ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মসলিসের নেতা মুফতি ইদ্রিস আলী, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, পৌর জামাতের আমির ফেরদাউস আলম, এনসিপি মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কাজল রেখা পিংকি, এলডিপি জেলা সদরের আহ্বায়ক শরিফুল ইসলাম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক সহিহ আহমেদ ছোটন, খেলাফত মজলিজ জেলা সহকারি সেক্রেটারি মুফতি আব্দুল মোত্তালিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একই আদেশে দুটি ভোট অনুষ্ঠিত হয়। অথচ একটি দল গণভোট মানছে না। সম্প্রতি তাদের জনগণের রায়ের সাথে প্রতারণার বহি:প্রকাশ ঘটেছে। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্থবায়নের জোর দাবি জানান। সেইসাথে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে বলে জানান তারা। 

সমাবেশ শেষে পৌর শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি শহরের কাচারি বাজার, ডিবি রোড দিয়ে আসাদুজ্জামান মার্কেট হয়ে হকার্স মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নানা শ্রোনি-পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হয়।