রাজধানী মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন লাগানোর ঘটনায় ওই প্রতিষ্ঠানের জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২ মে) বিকেলে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আসমাউল ইসলাম, জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান।
পরে গতকাল রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার এতথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার রাত ২ থেকে সাড়ে ৪ টার দিকে মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২য় তলার স্টোর রুমে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। এ ঘটনায় ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকী ৮৩ টি ল্যাপটপ পাওয়া যায়নি। এ ঘটনায় মিরপুর মডেল থানার একটি নিয়মিত মামলা হয়।
ডিসি মোস্তাক সরকার বলেন, ওই ঘটনায় শিক্ষা অধিদপ্তর কর্মরত পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) আসামি আসমাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করে। পরে গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর শিক্ষা অধিদপ্তর থেকে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির গ্রেপ্তার করে।