কৃষিমন্ত্রী বললেন

শতভাগ সেচপাম্প সোলারের আওতায় আসবে

দেশের শতভাগ সেচ পাম্প সোলারের (সৌরবিদ্যুৎ) আওতায় আনা হবে বলে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে বিতর্ক পরিষদ আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশের সব গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য সরকার চেষ্টা করবে। সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

আমিন উর রশিদ বলেন, দেশের অর্থনীতি কৃষিনির্ভর। সরকার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতিমধ্যে কৃষক কার্ড বিতরণ করেছে। কৃষক কার্ড চালুর উদ্দেশ্য, চাহিদামাফিক ফসল উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক কার্ডের মাধ্যমে সারা দেশের কৃষি একটি তথ্য ভা-ারের আওতায় আসবে। চাহিদার বাইরে কোনো ফসল উৎপাদন হবে না।

এ ছাড়া মন্ত্রী জানান, কৃষক অনলাইন থেকে জেনে যাবেন কোন জমিতে কী ফসল, কত পরিমাণে চাষ করতে পারবেন। তাহলে বাড়তি ফসলও উৎপাদন হবে না। ফসলের দাম না পেয়ে কৃষকও পথে বসবে না।

মন্ত্রী ভিক্টোরিয়া কলেজের বিতার্কিক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীকে বাস্তবমুখী করে গড়ে তোলে। গণতন্ত্র চর্চায় যুক্তির বিকল্প নেই। একটি যুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষার্থীদের কাজ করতে হবে।