হঠাৎ অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় অন্তত ছয় জেলার হাওরগুলোয় তলিয়ে গেছে কৃষকের ধান। এই পরিস্থিতিতে অর্ধেক ধান কাটা হলেও তা শুকাতে এবং বিক্রিতে বেগ পেতে হচ্ছে
কৃষককে। কারণ দুর্যোগের কারণে ধানের দামও কমে গেছে। এই অবস্থায় জরুরিভিত্তিতে আজ থেকে হাওরাঞ্চলগুলো থেকে ধান ও চাল কেনার কার্যক্রম শুরু করছে খাদ্য অধিদপ্তর।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রিতে সহায়তা দিতেই বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ মে খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় বলছে, সারা দেশে কৃষকদের কাছ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নতুন ঘোষণায় হাওরাঞ্চলে চাল কেনার সূচি এগিয়ে আনা হয়েছে। একইসঙ্গে দ্রুত ধান কেনার কার্যক্রমও শুরু করা হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সেদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬, সিদ্ধ চাল ৪৯ এবং প্রতি কেজি আতপ চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা। ধান-চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।