প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ফেসবুকে প্রচারিত গরু আমদানির অনুমতিপত্র ভুয়া

সামাজিক মাধ্যম ও বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়েছে একটি পত্র। এটি প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র। প্রকৃতপক্ষে এটি ভুয়া এবং এই ধরনের কোনো অনুমতিপত্র সরকারি দপ্তরটি থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয়েছে যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে। এ পত্রের সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সামঞ্জস্য পাওয়া যায়নি।

এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানাচ্ছে যে, অনুমতিপত্রটি অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত নয়। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয়। এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

জানা গেছে, একটি শ্রেণি কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবেশী দেশ থেকে গরু আমদানির বিষয়টি সামাজিক মাধ্যমে প্রচার করে যাচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।