প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল আর্সেনাল। শনিবার ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গানাররা। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে এখন ৬ পয়েন্টে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আর্সেনাল। ইনজুরি কাটিয়ে ছয় সপ্তাহ পর প্রথমবার শুরুর একাদশে ফিরেই নিজের জাত চেনান বুকায়ো সাকা।
ম্যাচের ৯ মিনিটে সাকার পাস থেকে প্রথম গোলটি করেন গিওকেরেস। বিরতির ঠিক আগে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন এই স্ট্রাইকার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ২১তম গোল।
৪০ মিনিটে গিওকেরেসের সহায়তায় গোল করেন বুকায়ো সাকা। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে ফেলে আর্সেনাল।
আর্সেনাল বর্তমানে ৬ পয়েন্টে এগিয়ে থাকলেও ম্যানচেস্টার সিটির হাতে আরও দুটি ম্যাচ বেশি রয়েছে। সোমবার এভারটনের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গোল ব্যবধানে আর্সেনাল এখন সিটির চেয়ে +৪ ব্যবধানে এগিয়ে। যদি দুই দলই তাদের বাকি সব ম্যাচ জেতে, তবে গোল ব্যবধানই শিরোপার ভাগ্য নির্ধারণ করতে পারে।
আর্সেনালের বাকি তিন ম্যাচ: ওয়েস্ট হ্যাম (অ্যাওয়ে), বার্নলি (হোম) এবং ক্রিস্টাল প্যালেস (অ্যাওয়ে)।