লা লিগার ৩৪তম রাউন্ডে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ২৯তম লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। শনিবার রাতে এস্তাদিও এল সাদারে অনুষ্ঠিত ম্যাচে ওসাসুনাকে তাদেরই মাঠে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ওসাসুনা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬২ মিনিটে ফেরান তোরেসের গোলে লিড নেয় বার্সেলোনা। তবে ম্যাচের ৭০ মিনিটে রাউল গার্সিয়ার গোলে সমতায় ফেরে ওসাসুনা। খেলার শেষ দিকে ৮১ মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ম্যাচের শেষ দিকে ওসাসুনা সমতায় ফেরার চেষ্টা করলেও বার্সেলোনার রক্ষণভাগ আর কোনো ভুল করেনি।
এই জয়ে ফলে ৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৮৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। আজ রবিবার রাতে রিয়াল মাদ্রিদ যদি এস্পানিওলের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয় অর্থাৎ ম্যাচটি ড্র হয় বা রিয়াল হেরে যায়, তবে আজই আনুষ্ঠানিকভাবে লা লিগা চ্যাম্পিয়ন ঘোষিত হবে বার্সেলোনা।
ম্যাচের আগে কোচ হ্যান্সি ফ্লিক ইনজুরি কাটিয়ে রাফিনিয়া এবং মার্ক বার্নালের দলে ফেরার সুখবর দিয়েছিলেন। রাফিনিয়া মার্চ মাস থেকে হ্যামস্ট্রিং ইনজুরিতে বাইরে ছিলেন। এছাড়া দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন অনুশীলনে ফিরলেও এই ম্যাচে তাকে খেলানো হয়নি। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লামিন ইয়ামালকে এই সিজনে আর মাঠে পাওয়া যাবে না।
লা লিগায় এটি বার্সেলোনার টানা নবম জয়। এই মৌসুমে ৩৩ ম্যাচের মধ্যে তারা ২৮টিতেই জয় পেয়েছে। হ্যান্সি ফ্লিক ম্যাচ শেষে জানিয়েছেন, পয়েন্ট টেবিল নিয়ে তিনি খুব একটা ভাবছেন না, তার লক্ষ্য বাকি সব ম্যাচ জিতে মৌসুম শেষ করা।