পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৪ জনের দণ্ড

পিরোজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তাদের দন্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে- উপজেলার উত্তর নামাজপুর এলাকার বাসিন্দা মুসা শেখের ছেলে মো. শাওন শেখ (২৮), তার কাছ থেকে এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় তাকে ২৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া গাঁজা সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে পৌরসভার শেখ পাড়া এলাকার বাসিন্দা নাসির উদ্দিন শেখের ছেলে শাকিবুর রহমান মঈনকে (২০) ২ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই অপরাধে শেখ পাড়া এলাকার মিলন শেখের ছেলে মো. জিন্নাহ শেখ (২০), আব্দুল্লাহ আল মামুনের ছেলে মো. ইমতিয়াজ আহমেদ (১৯) উভয়কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের পরিদর্শক বাপন সেন। 
কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।