কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম-সদৃশ উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
মৃত শিশুর নাম আরশ (১)। সে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়।
রবিবার (৩ মে) দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় সংক্রমণ গুরুতর হয়ে ওঠে। এতে জটিলতা বাড়লে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে হাম আক্রান্ত ৮৮ জন শিশু ভর্তি রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লায় এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।