মেট গালায় থাকছেন না প্রিয়াঙ্কা, ফাঁস হলো আসল কারণ

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ফ্যাশন দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন মেট গালায় এবারও দ্যুতি ছড়াবেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। কিন্তু অনুষ্ঠানের ঠিক একদিন আগে জানা গেল, এই আয়োজনে থাকছেন না এই ভারতীয় অভিনেত্রী।

কিন্তু রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের থিম 'ফ্যাশন ইজ আর্ট'-এ তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। তবে ব্যস্ত আন্তর্জাতিক শিডিউলের কারণে তিনি নাকি এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। মেট গালা মিস করলেও, এই মাসেই একটি বড় সম্মান পেতে চলেছেন প্রিয়াঙ্কা। রিপোর্ট বলছে, তিনি ৯ মে, লস অ্যাঞ্জেলেসে গোল্ড হাউস গোল্ড গালায় 'গ্লোবাল ভ্যানগার্ড' সম্মানে ভূষিত হবেন। 

তার ২৫ বছরের ক্যারিয়ার, বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রভাব এবং আন্তর্জাতিক বিনোদনে দক্ষিণ এশীয়দের প্রতিনিধিত্ব জোরালো করার জন্য এই সম্মান দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা না থাকলেও, এই বছর মেট গালার রেড কার্পেটে বেশ কয়েকজন ভারতীয় তারকাকে দেখা যেতে পারে। 

জানা গেছে, করণ জোহর এবং আলিয়া ভাট এই অনুষ্ঠানে যোগ দেবেন। অন্যদিকে, অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও স্বামী রণবীর সিংয়ের সঙ্গে স্টাইলিশ এন্ট্রি নিতে পারেন। বর্তমানে তিনি কেপ টাউনে 'কিং' ছবির শুটিং করছেন।