নকলায় শিক্ষা উপকরণ, এলএসডি টিকা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শেরপুরের নকলায় ২০২৫- ২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লো ও হাই বেঞ্চ বিতরণ, প্রান্তিক খামারিদের গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) টিকা প্রদান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফাহিম চৌধুরী, সংসদ সদস্য (শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী)।

রবিবার (৩ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি বলেন, জনগণের বিভিন্ন সমস্যার বিষয় তিনি জাতীয় সংসদের ৭১ কার্যবিধির অধীনে অধিবেশনে তুলে ধরা হবে। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উন্নয়ন কার্যক্রম যথাযথ তদারকির আশ্বাস প্রদান করেন।

প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নকলা প্রাণী সম্পদ কার্যালয়ে কাগজে-কলমে ১১ জন স্টাফ থাকার কথা থাকলেও কোঠা শূন্য হওয়ায় গত ৪ বছর ধরে আমরা মাত্র ৬ জন স্টাফ নিয়ে পুরো উপজেলায় প্রাণী সেবা দিয়ে আসছি। স্টাফ কম থাকায় প্রত্যন্ত এলাকায় গিয়ে চিকিৎসা সেবা দিতে পারি না। 

এছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার বলেন, মানুষের হাসপাতালে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু থাকলেও পশু হাসপাতালেও একই ধরনের সেবা চালুর ব্যবস্থা করা প্রয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়াবিদ, দপ্তর অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।