বগুড়ায় স্যান্ডেলের তলায় মিলল ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় স্যান্ডেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ১৫০০ পিস ইয়াবা পাচারকালে ফরিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

রবিবার বিকেল ৩টার দিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাহজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের বাসিন্দা।

জেলা ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এইচ-৪ সিটে বসা টিকিটবিহীন যাত্রী ফরিদুল ইসলামের দেহ ও পরিহিত স্যান্ডেল তল্লাশি করে দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ইয়াবাগুলো দুইটি জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ছিল, প্রতিটিতে ৭৫০ পিস করে মোট ১৫০০ পিস ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম। এ ছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি নোট ১০এস) জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, এ মাদক চালানের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।