বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৩৪৫ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। 

শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের সদস্যরা এক অভিযানে এসব সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-493 এর যাত্রী চকরিয়ার মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন এবং আন্তর্জাতিক অ্যারাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।