ঝিনাইদহ শহরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ হোসেন।
পরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুদ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস-এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।