ওল্ড ট্রাফোর্ডে আজ প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস লড়াইয়ে লিভারপুলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে তিনবছর পর চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করল রেড ডেভিলরা। তবে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার কোবি মাইনো এবং অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক।
৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের চেহারা আমূল বদলে গেছে। তার অধীনে খেলা ১৪টি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে দলটি, ড্র করেছে ২টিতে এবং হার মাত্র ২ ম্যাচে। আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয়সূচক গোলটি আসে মাইনোর পা থেকে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে কোচ ক্যারিকের প্রতি নিজের অগাধ বিশ্বাস ও সম্মানের কথা জানান মাইনো। তিনি বলেন, 'দলের এই বদলে যাওয়ার কৃতিত্ব সব খেলোয়াড় এবং ম্যানেজারের। তিনি (ক্যারিক) আমাদের আত্মবিশ্বাস যোগাতে বড় ভূমিকা রেখেছেন। খেলোয়াড় হিসেবে আপনি এমন একজনকে অনুসরণ করতে চাইবেন, যার জন্য আপনি মাঠে লড়াই করতে এমনকি ‘মরতেও’ রাজি থাকবেন।'
নিজের শৈশবের ক্লাবের হয়ে ঘরের মাঠে প্রথম সিনিয়র গোল করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তরুণ তুর্কি। মাইনো স্মৃতিচারণ করে বলেন, "আমি একসময় ওই কোণায় (গ্যালারিতে) বসে খেলা দেখতাম। আজ এই পজিশনে খেলতে পারা এবং গোল করা আমার কাছে আশীর্বাদের মতো। আমি সবসময় এমন মুহূর্তের স্বপ্ন দেখতাম।"
ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয়ে লিভারপুলের বিপক্ষে তাদের ঐতিহাসিক দ্বৈরথে আরও একটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো।