থ্রেডসে মেটা আনল নতুন ফিচার লাইভ চ্যাটস

লাইভ ইভেন্ট নিয়ে রিয়াল-টাইমে আলোচনার সুবিধার্থে থ্রেডস প্ল্যাটফর্মে নতুন ফিচার চালু করেছে মেটা। ‘লাইভ চ্যাটস’ নামের এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কমিউনিটিতে যোগ হয়ে সরাসরি আড্ডা দেওয়ার এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পাবেন।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, থ্রেডসে ‘কমিউনিটি’ ফিচারটি গত বছর চালু করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি। এ নতুন ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ব্রডকাস্ট চ্যানেলের’ মতো মনে হলেও এ চ্যানেলে কেবল একতরফা মেসেজ পাঠানো যায়। তবে ‘লাইভ চ্যাটস’-এ নির্দিষ্ট কিছু কনটেন্ট নির্মাতা, ‘কমিউনিটি চ্যাম্পিয়ন’ ও মিডিয়া ব্যক্তিত্বরা এসব সেশন আয়োজন করতে পারবেন।

একবার চ্যাটিং শুরু বা নির্ধারিত হয়ে গেলে হোস্ট ঠিক করবেন কারা সেখানে অংশ নিতে পারবেন। এরপর তিনি লিংকটি সবার জন্য শেয়ার করবেন। ‘লাইভ চ্যাটস’-এ টেক্সট মেসেজের পাশাপাশি ছবি, ভিডিও, লিংক ও ইমোজি রিঅ্যাকশন পোস্ট করা যাবে। কোনো লাইভ চ্যাটিংয়ে সদস্য সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ার কারণে কেউ যদি মেসেজ পাঠাতে না পারেন তবে তারা শুধু তা দেখতে পারবেন। অন্যদের মেসেজে রিঅ্যাকশন এবং ভোটও দেওয়া যাবে। লাইভ চ্যাটিং শেষ হয়ে যাওয়ার পরও তা দেখার সুযোগ থাকবে এবং এতে যোগ দেওয়ার জন্য ব্যবহারকারীকে কোনো কমিউনিটির সদস্য হতে হবে না।

এ ফিচারটি ‘প্লে-অফ’ চলাকালীন

‘এনবিএথ্রেডস’ কমিউনিটিতে প্রথম চালু করেছিল মেটা। যেখানে হোস্ট হিসেবে মালিকা অ্যান্ড্রুস, র‌্যাচেল নিকোলস, ট্রিস্টা ক্রিক, ডেভিড রাশিং ও লেক্সিস মিকেন্সের নাম উঠে এসেছে। লাইভ চ্যাটস ফিচারটি ‘এনবিএথ্রেডস’ কমিউনিটি ফিডের একদম ওপরে দেখা যাবে এবং তা পোস্ট হিসেবেও শেয়ার করা যাবে। এর ফলে এটি ব্যবহারকারীর মূল থ্রেডস ফিডে আসবে।

এ ছাড়া কোনো হোস্ট লাইভ থাকাকালীন তার প্রোফাইল ছবি ঘিরে লাল বৃত্ত দেখা যাবে। মেটা বলেছে, লাইভ চ্যাটস সুবিধাটি পর্যায়ক্রমে থ্রেডসের আরও অনেক কমিউনিটিতে চালু হবে। শিগগিরই এতে কো-হোস্টিং বা একাধিক ব্যক্তি মিলে হোস্ট করা, লকড স্ক্রিন উইজেট ও কোনো মেসেজ কোট করে নিজের ফিডে শেয়ারের মতো বিভিন্ন ফিচার যোগ হবে। ২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকে মেটা ক্রমাগত তাদের থ্রেডস প্ল্যাটফর্মটির ফিচার বাড়িয়ে চলেছে। শুরুতে সার্চযোগ্য টপিক ও কাস্টম ফিডের মতো ছোট ছোট সুবিধা দিয়ে শুরু করলেও গেল বছর এতে ‘কমিউনিটি’ ফিচার যোগ করেছে মেটা। এ ছাড়া মেটা বড় আকারের টেক্সট পোস্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে এবং এ সপ্তাহেই থ্রেডসের ওয়েব সংস্করণের দীর্ঘ প্রতীক্ষিত নতুনরূপ উন্মোচন করেছে। গেল বছরের অক্টোবরে কোম্পানিটি ঘোষণা করেছিল, তাদের এ টেক্সটভিত্তিক সামাজিক মাধ্যমটিতে বর্তমানে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি।