বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক হিসেবে (সচিব পদমর্যাদায়) চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। গতকাল রবিবার তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।
দেশের রাজস্ব প্রশাসন ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে সুপরিচিতি কাজী ইমদাদুল হক তার দীর্ঘ তিন দশকের কর্মজীবনের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট এবং এনবিআরের সাবেক কর কমিশনার হিসেবে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে এনবিআরে কর কমিশনার এবং লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি বিষয়ে তিনি বাংলাদেশের পক্ষে বৈশ্বিক পরিসরে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করেন।