সরকারি সিকিউরিটিজ ডিলার ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ব্র্যাক ব্যাংককে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের যৌথভাবে প্রবর্তিত নতুন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে দেশের প্রথম ব্যাংক হিসেবে এই মর্যাদা অর্জন করে ব্র্যাক ব্যাংক।

সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে টানা চতুর্থ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘প্রাইমারি ডিলার হিসেবে আমাদের এই নিয়োগ বাংলাদেশের পুঁজিবাজারের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের ধারাবাহিক পারফরম্যান্স, সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত এবং একটি টেকসই ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।

আমরা প্রাইমারি অকশনে আরও সক্রিয় ভূমিকা রাখতে, বাজারে তারল্য বাড়াতে এবং গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত করতে কাজ করব।’