হজ পালনের ক্ষেত্রে সম্প্রতি আরোপ করা ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই বিধিনিষেধ প্রত্যাহার করে আগের নীতি পুনর্বহাল করেছে, যার ফলে এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সী শিশু ও কিশোররা পবিত্র হজ পালনের সুযোগ পাবে।
৩ মে থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই এই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এলো সৌদি সরকার। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এবং হজ অধিদপ্তর এই নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সী হওয়ার কারণে ইতিপূর্বে যেসব হজ ভিসা বাতিল বা প্রত্যাখ্যাত হয়েছিল, নতুন সিদ্ধান্তের প্রেক্ষাপটে সেগুলো আবার যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ করা হবে।
ইতিপূর্বে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৬ সালের হজের জন্য ১৫ বছরের কম বয়সীদের প্রবেশাধিকার থাকবে না এবং যাদের ভিসা ইস্যু করা হয়েছিল তা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ক্ষতিগ্রস্তদের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছিল দেশটির ধর্ম মন্ত্রণালয়।
নতুন নীতির ফলে যেসব পরিবার তাদের সন্তানদের নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের অনিশ্চয়তা দূর হলো। এতে ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোররা এখন কোনো বাধা ছাড়াই তাদের পরিবারের সঙ্গে হজে অংশ নিতে পারবে।