সান্তোসে তুলকালাম: রবিনহো জুনিয়রকে চড় ও ল্যাং মারলেন নেইমার!

ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়রকে নিয়ে বিতর্কের শেষ নেই। এবার নিজের ঘরোয়া ক্লাব সান্তোসের অনুশীলনে মেজাজ হারিয়ে সতীর্থ ও কিংবদন্তি রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রোববার সকালে সান্তোসের 'সিটি রেই পেলে' ট্রেনিং সেন্টারে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্পোর্তে গ্লোবো জানিয়েছে, গত শনিবার পালমেইরাসের বিপক্ষে ম্যাচে যারা মাঠে নামেননি, তাদের নিয়ে রোববারের বিশেষ অনুশীলন সেশন চলছিল। অনুশীলনের এক পর্যায়ে ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা রবিনহো জুনিয়র বল নিয়ে নেইমারকে ড্রিবল করে কাটিয়ে যান।

একজন তরুণের কাছে এভাবে পরাস্ত হওয়াটা সহজভাবে নিতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। তিনি রবিনহো জুনিয়রকে ‘ধীরে’ খেলার পরামর্শ দেন। কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, নেইমার প্রথমে তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেন এবং এরপর একটি চড় মারেন।

এই ঘটনার পর রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানান। তবে সান্তোস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পর নেইমার নিজেই তরুণ এই ফুটবলারের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। উল্লেখ্য, রবিনহো জুনিয়র ও নেইমারের সম্পর্ক দীর্ঘদিনের, অনেকটা ‘গডফাদার ও গডসন’-এর মতো।

বিশ্বকাপ দলে নেইমার কি থাকবেন?

নেইমারের এই মেজাজ হারানোর ঘটনা এমন এক সময়ে ঘটল যখন তিনি জাতীয় দলে ফেরার জন্য মরিয়া হয়ে লড়ছেন। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে তিনি আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি।

ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়া প্রসঙ্গে জানিয়েছেন, নেইমার যদি ফিট থাকেন এবং পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন, তবেই মে মাসে ঘোষিত হতে যাওয়া বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হবে। আনচেলত্তির ভাষায়, "ওর ফেরার সক্ষমতা আছে, তবে দলে জায়গা পেতে হলে নাম দিয়ে নয়, কাজ দিয়ে অর্জন করতে হবে।"

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও একই সুর মিলিয়েছেন। তিনি জানিয়েছেন, আনচেলত্তি তার কাছে নেইমারের বিষয়ে পরামর্শ চেয়েছিলেন এবং তিনিও স্পষ্টভাবে বলেছেন যে, শুধু নাম দেখে কাউকে বিশ্বকাপ দলে নেওয়া ঠিক হবে না।