জরুরি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিডিও বার্তার মাধ্যমে দলীয় কর্মীদের ধৈর্য ধরার ও গণনাকেন্দ্র পাহারা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। ফেসবুকে পোস্ট করা এই ‘জরুরি বার্তা’য় তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজশ করে গণনায় কারচুপি করার চেষ্টা করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে স্পষ্ট করে বলেন যে, কোনো অবস্থাতেই কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের গণনাকেন্দ্র বা স্ট্রং রুম ছেড়ে আসা চলবে না। তিনি একে বিজেপির একটি সুপরিকল্পিত চাল হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, শুরুর কয়েক রাউন্ডে বিজেপির অনুকূলে ফল দেখিয়ে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, প্রায় ১০০টি জায়গায় কয়েক রাউন্ড গণনার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কল্যাণীতে সাতটি মেশিনে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূলের ওপর অত্যাচার ও অফিস দখলের মতো ঘটনা ঘটছে বলেও তিনি সরব হন। তার মতে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী মিলে একতরফাভাবে কাজ করছে এবং রাজ্য পুলিশও তাদের অধীনে নতিস্বীকার করেছে।

গণমাধ্যমের ফল দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে মমতা বলেন, অনেক আসনে তৃণমূল এগিয়ে থাকলেও সেই সঠিক তথ্য জানানো হচ্ছে না। তবে তিনি কর্মীদের আশ্বস্ত করে বলেন, ‘সূর্যাস্তের পরে আপনারা জিতবেন।’ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা চললে পরিস্থিতির আমূল পরিবর্তন হবে দাবি করে তিনি কর্মীদের ‘বাঘের বাচ্চার মতো’ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।