নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ মে) রাত ১১টার দিকে তাদেরকে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল ওরফে ইফতান (২৯), মো. সবুজ (১৯) ও শরিফুল ইসলাম (২১)। এ সময় তাদের নিকট থেকে একটি ছুরি, চাপাতি, চাইনিজ কুড়ালসহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর বেকারির মোড় জামালের গ্যারেজের সামনের পাকা রাস্তার ওপর ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাকাতি করার প্রস্ততিকালে সোহেল ওরফে ইফতান, মো. সবুজ ও শরিফুল ইসলামকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ডাকাত দলের পলাতকদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।