চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে চমকে দিল মিঠুনের লেপার্ডস

ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনই চমকে দিয়েছে ঢাকা লেপার্ডস। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে তারা হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীকে। 

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে জাকির হাসানের ৭৪ রানের দারুণ এক ইনিংসে আবাহনীর দেয়া ১৮২ রানের টার্গেট ৫ বল হাতে রেখে তুলে নেয় লেপার্ডস, জয় পায় ৫ উইকেটে। 

বৃষ্টির কারণে ২০ ওভার কমিয়ে ৩০ ওভারে নির্ধারিত ম্যাচে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান লেপার্ডস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। শুরুটা মোটেও ভালো হয়নি আকাশী-নীল শিবিরের। ওপেনার সৌম্য সরকার আজ খাতা খোলার আগেই মইন খানের বলে বোল্ড হয়ে ফেরেন। মইনের বোলিং তোপে মাত্র ১২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী।

মাঝপথে মাহিদুল ইসলাম অঙ্কন (৩৮) এবং এস এম মেহেরব হাসান (৩৮) ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে শেষ দিকে আসল ঝড় তোলেন সাব্বির রহমান রুম্মন। মাত্র ২৯ বলে ২ চক্কা ও ৫টি বিশাল ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার এই ইনিংসেই ৮ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ঢাকা লেপার্ডসের পক্ষে ২১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মইন খান।

২৯ বলে ৫ ছক্কায় ৫৫ রান করেন সাব্বির রহমান

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ঢাকা লেপার্ডসের ওপেনার জাকির হাসান। জাতীয় অনূর্ধ্ব১৯ দলের ব্যাটার জাওয়াদ আবরার (২৩) এবং সৈকত আলীকে (২৮) নিয়ে ছোট কিন্তু কার্যকরী জুটি গড়েন তিনি। জাকির ৬৬ বলে ৭৪ রানের এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।

জাকির যখন আউট হন, জয়ের জন্য লেপার্ডসের প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৪০ বলে ৩৭ রান করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন। শেষ দিকে জিশান আলম জোড়া উইকেট নিয়ে কিছুটা নাটকীয়তা তৈরির চেষ্টা করলেও ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লেপার্ডস।

সংক্ষেপে স্কোর

  • আবাহনী লিমিটেড: ১৮১/৮ (৩০ ওভার); সাব্বির ৫৫*, অঙ্কন ৩৮, মেহেরব ৩৮। মইন খান ৩/২১, আল ফাহাদ ২/৩০।

  • ঢাকা লেপার্ডস: ১৮৪/৫ (২৯.১ ওভার); জাকির ৭৪, মিঠুন ৩৭, সৈকত আলী ২৮। জিশান আলম ২/৯।

  • ফল: ঢাকা লেপার্ডস ৫ উইকেটে জয়ী।