জামিন নামঞ্জুর, কারাগারে নিষিদ্ধ আ. লীগ নেতা শামীম

টাঙ্গাইলের মির্জাপুরের জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন।

সোমবার (৪ মে) সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মির্জাপুর আমলি আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্বপালন করছিলেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মির্জাপুর হাইওয়ে থানায় সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গোপালপুর উপজেলার কলেজ ছাত্র ইমন নিহত এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের কিশোর হিমেলের দুই চোখ অন্ধ হয়।

ওই ঘটনায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন নিহত ইমনের ভাই সুমন এবং অন্ধত্ববরণ করা হিমেলের মা নাছিমা বেগম। ওই দুটি মামলায় আ.লীগ নেতা শামীমকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার শামীম আদালতে আত্মসমর্পন করেন।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বলেন, আ.লীগের এই নেতা মির্জাপুরে জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।