মরক্কোর দক্ষিণাঞ্চলে ‘আফ্রিকান লায়ন’ নামের এক যৌথ সামরিক মহড়া চলাকালে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ হন। রয়টার্স বলেছে, গত রবিবার এ নিখোঁজের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) ও মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনীও এই তথ্য নিশ্চিত করেছে। পৃথক বিবৃতিতে এই দুই বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর তান তান এর নিকটবর্তী ক্যাপ দ্রা প্রশিক্ষণ এলাকার কাছ থেকে ওই দুই সেনা নিখোঁজ হন। তাদের সন্ধানে যুক্তরাষ্ট্র, মরোক্কান ও অন্য অংশীদার বাহিনীগুলো স্থল, আকাশ ও সমুদ্রপথে সমন্বিত তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে।
মরোক্কান সেনাবাহিনী জানিয়েছে, সমুদ্রের ধারে একটি উঁচু, খাড়া পাহাড়ের কাছ থেকে ওই সেনারা নিখোঁজ হন। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রাথমিক প্রতিবেদনগুলোয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওই দুই সেনা সম্ভবত মহাসাগরে পড়ে গেছেন। এই ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয়, এটি আমি নিশ্চিত করতে পারি। ‘আফ্রিকান লায়ন’ যুক্তরাষ্ট্রের আফ্রিকান কমান্ডের বৃহত্তম বার্ষিক যৌথ মহড়া। যুক্তরাষ্ট্রের বাহিনী, ন্যাটো মিত্র ও অংশীদার আফ্রিকান দেশগুলোর মধ্যে আন্তঃকার্যক্ষমতা উন্নত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।
চলতি বছরের মহড়া ঘানা, মরক্কো, সেনাগান ও তিউনিসিয়াজুড়ে ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে ৮ মে পর্যন্ত। মহড়ার সবচেয়ে বড় অংশ মরক্কোয় অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৪০টিরও বেশি দেশের প্রায় ৫ হাজার সেনা মহড়ায় অংশ নিচ্ছেন।